রাত ২টা বাজে। চারপাশ নিস্তব্ধ। সবাই ঘুমিয়ে গেছে। কিন্তু আপনি? চোখ বন্ধ করলেন- তবুও মাথার ভেতর এক অদ্ভুত শব্দ, একটানা ভাবনার দৌড়।
“যদি কাল ভুল হয়ে যায়?“
”ও কথাটা আমাকে কেন বলতে হলো?”
“যদি সব ভেঙে যায় হঠাৎ?”
যতই থামাতে চান, ততই সেই চিন্তা আরও জোরে ধাক্কা দেয়। যেন মাথার ভেতর একটা পুরনো টেপ রেকর্ডার চলছে, বারবার একই জায়গায় আটকে যাচ্ছে।
এমন নয় যে এসব চিন্তার কোনো মানে আছে। বরং অনেক সময় এগুলো একদমই অযৌক্তিক। তবুও এগুলো আপনাকে ছাড়তে চায় না।
ফলে- ঘুম উড়ে যায়, বুক ধড়ফড় করে, ভেতরে এক ধরনের অস্থিরতা জমে ওঠে।সবচেয়ে কষ্টের জায়গা হলো, এটা কাউকে বোঝানো যায় না।
আপনি হাসছেন, কথা বলছেন, বাইরে থেকে সব স্বাভাবিক। অথচ মাথার ভেতর এক অদৃশ্য ঝড় আপনাকে ছিঁড়ে ফেলছে।
আর সেই ঝড়ের ভেতর আপনি একাই লড়াই করে যাচ্ছেন..
কার্যকর সমাধান -
রাতে অতিরিক্ত চিন্তা ও অস্থিরতা কমাতে প্রথমে চিন্তাগুলো জোর করে থামানোর চেষ্টা না করে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট “চিন্তার সময়” ঠিক করে কাগজে আপনার ভয় ও ভাবনাগুলো লিখে ফেলুন এবং সেগুলোর বাস্তবতা যাচাই করুন। এতে মস্তিষ্ক ধীরে ধীরে শিখে যায় যে বিছানা ঘুমের জন্য, দুশ্চিন্তার জন্য নয়।
একই সঙ্গে শরীরকে শান্ত করা খুব গুরুত্বপূর্ণ। ধীরে গভীর শ্বাস নেওয়া, ঘুমের আগে স্ক্রিন ব্যবহার কমানো এবং ২০ মিনিটের মধ্যে ঘুম না এলে বিছানা ছেড়ে হালকা কিছু করা উপকারী। এতে মস্তিষ্ক ও শরীর দুটোই শান্ত হয় এবং ঘুম স্বাভাবিকভাবে ফিরে আসতে সাহায্য করে।